চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৫৭

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, বুধবার কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে এহছানকে উদ্ধার করা হয়। তাকে বাঁশখালীর পশ্চিম পুইছড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়।

আটক অন্য পাঁচজন হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), আব্বাস উদ্দিন (৩১), ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)। তাদের মধ্যে সাবেক সেনা ও র‍্যাব সদস্যও রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন র‍্যাবের পোশাক পরে সেখানে যান। পরে তারা এহছানকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন।

এরপর অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও তার দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করেন। এ সময় তারা এহছানের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) বাঁশখালী থানায় একটি মামলা করা হয়।

পুলিশ জানায়, আটক সুমন মুন্সির বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। অন্যদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়। আটক ব্যক্তিদের মধ্যে একজন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ইত্তেফাক/এমএএম