রেললাইন মেরামত চলছিলো, জানতেনই না কর্ণফুলী ট্রেনের চালক!

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২০:১৬

রেলওয়ের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগাম না জানিয়ে রেললাইন মেরামতের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুরে লাঙ্গলকোট-লাকসাম সেকশনে এ দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ চারটি কোচের চাকা লাইন থেকে নেমে যায়। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার কারণ ও উদ্ধার কার্যক্রমের বিষয়ে এসব তথ্য জানানো হয়।

রেলওয়ের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনাস্থলে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এমনকি কন্ট্রোল রুম, স্টেশন মাস্টার ও ট্রেনচালককেও রেললাইন মেরামতের বিষয়টি জানানো হয়নি। এ অবস্থায় স্বাভাবিক গতিতে এগিয়ে আসা ট্রেনটি হঠাৎ জরুরি ব্রেক করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঙ্গলকোট-লাকসাম সেকশনের ১২২/৭-৮ কিলোমিটার এলাকায় ৩ আপ কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ওই সেকশনের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষে বুধবার রাত ৯টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ে।

এ ঘটনায় বিভাগীয় পর্যায়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে রেললাইন মেরামতের কাজে সমন্বয়হীনতাকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

ইত্তেফাক/এসজেএস