নরসিংদী

বিকল বয়লার মেরামতের সময় বিস্ফোরণে ডাইং মিলে আগুন, দগ্ধ ২

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১:৫১

নরসিংদীর মাধবদী উপজেলার একটি কারখানায় বিকল বয়লার মেরামতের সময় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই কারখানায় কর্মরত দুই টেকনিশয়ান দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দগ্ধরা হলেন- ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলের মালিক ইকবাল হোসেন নিজের টেকনিশিয়ানদের ডেকে নিয়ে সেটি মেরামত করানোর চেষ্টা করেন। এসময় বিকট শব্দ হয় এবং আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন বলে দাবি তাদের। আহত ব্যক্তিদের মধ্যে টেকনিশিয়ান ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া দগ্ধ হয়েছেন।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা আসার আগেই এ ঘটনায় দগ্ধ দুই টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে আহত দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি