বনানীতে বারে অভিযান

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪

রাজধানীর বনানীর একটি বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২১ অক্টোবর) রাতে এই অভিযান শুরু হয়।

জানা গেছে, রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে বনানীর ‘প্ল্যান বি’ নামের ওই বারে অভিযান শুরু হয়।

তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাব ও বারে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)। 

ওইদিন একযোগে রাজধানীর গুলশান, উত্তরা ও তেজগাঁও এলাকার চারটি বার ও প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন ইউনিট। এসব অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকার ও আরও প্রায় ৬৩৭ লিটার অনুমোদনহীন লিকার জব্দ করা হয়।

এ ছাড়াও গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বিভিন্ন বারে একযোগে অভিযান চালানো হয়। ওইদিন রুচিতা, ব্লেজার ক্লাউস ও কয়লা বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। 

ওই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, অভিযানে পাওয়া বিষয়গুলো বিশ্লেষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

ইত্তেফাক/পিএস