তুরস্কের সঙ্গে কোনো সংঘাত চায় না ইসরায়েল, বরং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত করার জন্য দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসরায়েলি চ্যানেল ১৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে বরাতে মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে।
নেতানিয়াহু জানান, কৌশলগত আত্মরক্ষার নীতি অনুযায়ী আগাম হামলার অধিকার ইসরায়েলের থাকলেও তুরস্কের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট সামরিক পরিকল্পনা সম্পর্কে তিনি সরাসরি কিছু বলবেন না। তবে তিনি স্পষ্ট করে দেন, সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য সামরিকভাবে প্রস্তুতি রাখছে ইসরায়েল।
ইসরায়েল কোনো চাপের মুখে নতিস্বীকার করবে না বলে সতর্কবার্তা দিয়ে নেতানিয়াহু পুনরায় জোর দিয়ে বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির সব দায়ভার তুর্কি প্রেসিডেন্টের নীতির ওপরই বর্তায়।
সূত্র: মিডল ইস্ট আই
