১৪৯ বছরের টেস্ট ইতিহাসের পাতা নতুন করে লিখলেন মিচেল স্টার্ক। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফরম্যাটে যুগের পর যুগ ধরে টিকে থাকা একাধিক বিশ্বরেকর্ড ভেঙে অনন্য এক বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি গতিদানব, যা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে উইয়ান মুল্ডারকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেট শিকার করেন ৩৬ বছর বয়সী এই স্পিডস্টার। এই অর্জনের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার বিশ্বরেকর্ড গড়লেন স্টার্ক। এমনকি পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম (৪১৪ উইকেট) কিংবা শ্রীলঙ্কার বাঁহাতি স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথও (৪৩৩ উইকেট) এই অনন্য উচ্চতায় পৌঁছাতে পারেননি।
শুধু বাঁহাতিদের রাজত্বেই নয়, বলের হিসেবে টেস্টে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড এখন মিচেল স্টার্কের দখলে। ৪৫০ উইকেটের ক্লাবে পৌঁছাতে স্টার্কের লেগেছে ২০,৫৭৭টি বল। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার রেকর্ড (২৩,৪৭৪ বল)। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২,৮৯৭ বল কম খরচে এই অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেও ৪৫০ উইকেট শিকারি বোলারের সংখ্যা হাতে গোনা। এর আগে অজিদের হয়ে কেবল শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন এই অভিজাত ক্লাবে প্রবেশ করতে পেরেছিলেন। এবার চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে সেই মহিমান্বিত তালিকায় নিজের নাম খোদাই করলেন মিচেল স্টার্ক।
