নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন।
নিহতরা হলেন মৈকুলী এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটগামী মালবাহী ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০৬৯১) সঙ্গে রূপসীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে
