দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আগের দামের তুলনায় ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। স্বর্ণের এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এ দুই ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দর কার্যকর থাকবে।
এর আগে গত ২২ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। তখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৫ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, কমেছে ৬৪ দফা এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো হয় এবং কমানো হয় ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৭৬ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৪০ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ দফা। সে বছর ১০ বার দাম বাড়ানো হয় এবং তিনবার কমানো হয়।
