রসায়নবিদ, শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের কাছে আজ ২৩ অক্টোবর বিশেষ দিন। বিশ্বজুড়ে দিনটি পালিত হয় অনানুষ্ঠানিক বিজ্ঞানভিত্তিক দিবস ‘মোল ডে’ বা মোল দিবস হিসেবে। রসায়নের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং বিষয়টিকে আনন্দদায়কভাবে তুলে ধরাই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য।
প্রতি বছর ২৩ অক্টোবর সকাল ৬টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২ মিনিট পর্যন্ত মোল দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে প্রচলিত তারিখ লেখার রীতি অনুযায়ী, ২৩ অক্টোবরকে ১০/২৩ হিসেবে লেখা হয়। এর সঙ্গে সকাল ৬টা ২ মিনিটের সময় যুক্ত করলে দাঁড়ায় ৬:০২ ১০/২৩। এটি রসায়নের গুরুত্বপূর্ণ ধ্রুবক অ্যাভোগাড্রো সংখ্যার আনুমানিক মান ৬.০২×১০²³-এর সঙ্গে মিলে যায়।
আন্তর্জাতিক একক পদ্ধতিতে (এসআই) পদার্থের পরিমাণ পরিমাপের একক হলো মোল। এক মোল পদার্থে নির্দিষ্ট সংখ্যক মৌলিক কণা থাকে, যার সঠিক মান ৬.০২২১৪০৭৬×১০²³। এসব কণা হতে পারে পরমাণু, অণু, আয়ন বা অন্য কোনো নির্দিষ্ট সত্তা।
সহজভাবে বললে, মোল হলো কণা গণনার একটি একক। যেমন, পানির আণবিক ভর প্রায় ১৮ গ্রাম প্রতি মোল। তাই ১৮ গ্রাম পানিতে প্রায় এক মোল পানির অণু থাকে, যার সংখ্যা প্রায় ৬.০২২×১০²³।
রসায়নের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে আশির দশকে মোল দিবস পালনের ধারণা চালু হয়। পরে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মোল ডে ফাউন্ডেশন।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রসায়নবিষয়ক কুইজ, বৈজ্ঞানিক প্রদর্শনী, পোস্টার প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জটিল বৈজ্ঞানিক ধারণাকে সহজ ও মজারভাবে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করাই মোল দিবসের অন্যতম লক্ষ্য।
