আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। আর ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট।
সিরিজের প্রথম টেস্ট দেখতে দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মিরপুর টেস্টের পাঁচ দিনই দর্শকরা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে কোনো ধরনের টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন।
তবে বিসিবির এই বিশেষ ফ্রি এন্ট্রি সুবিধা সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকার ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ থাকবে এবং সেখানে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন হবে।
