হামলায় পাঁচ ইসরায়েলি সেনা আহত, পশ্চিম তীরে পূর্ণ লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২০:০৯

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে গোলাগুলির ঘটনায় পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে তিনি এ নির্দেশ দেন। খবর আল জাজিরার

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হেবরনে গোলাগুলির ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই দুই ব্যক্তি হেবরনের কাছে তেলেম নামের একটি অবৈধ ইসরায়েলি বসতির কাছে রিজার্ভ ব্যাটালিয়নের সেনাদের ওপর হামলা চালিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, নিরাপত্তা বাহিনী একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে। এ ঘটনার পর তিনি অবিলম্বে হেবরন অবরুদ্ধ করার পাশাপাশি শুক্রবার থেকেই ‘জুডিয়া ও সমারিয়া’-পশ্চিম তীরের ইসরায়েলি নাম-জুড়ে পূর্ণ লকডাউন কার্যকরের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি নম্বরপ্লেটযুক্ত একটি গাড়িতে করে আসা দুই ফিলিস্তিনি হেবরন ঘিরে থাকা সামরিক চেকপোস্টগুলোর একটির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালান। এতে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে সংঘর্ষের সময় এক ব্যক্তির হাতে হ্যান্ডগান দেখা যায়। অন্য একটি ছবিতে ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়, যেখানে তাঁকে ঘিরে রেখেছিলেন ইসরায়েলি সেনারা।

এদিকে, এ ঘটনার পর পশ্চিম তীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এক বিবৃতিতে তিনি বলেন, ‘খুব বেশি দেরি হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিয়ে নিরস্ত্রীকরণ করতে হবে। তাদের সন্ত্রাসী অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে।’

অন্যদিকে, হামাস, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এ হামলার প্রশংসা করেছে। সংগঠনগুলো ঘটনাটিকে ইসরায়েলি সামরিক অভিযান, অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।

ইত্তেফাক/এমএএম