যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর সদর উপজেলার এ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমর ফারুক একই এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং রাকিব হাসান রিফাত রুহুল আমিনের ছেলে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে সিয়াম, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুজন ছিলেন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির আরোহী। পরে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নিহত আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিতে পুলিশের একাধিক দল কাজ করছে।

 
ইত্তেফাক/এসজেএস