মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা

মণিপুরে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৩:২৪

ভারতে মণিপুর রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উপত্যকার পাঁচটি জেলায় একযোগে 'শব্দ প্রতিবাদ' ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হাজার হাজার মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায়  ইম্ফলের ঐতিহাসিক কাংলা ফোর্টের সামনে বিক্ষোভ তীব্র রূপ নিলে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সুশীল সমাজ সংগঠন 'ফেডারেশন অফ হাওমি'-এর আহ্বানে শুক্রবার সন্ধ্যা সাড়াতাঁটা থেকে আটটা পর্যন্ত আধা ঘণ্টার এই অভিনব প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এ সময় কাইংলা ঐতিহ্য অনুসরণ করে স্থানীয় বাসিন্দারা হাঁড়িপাতিল ও থালাবাসন বাজিয়ে, হাতুড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে, ঢাকঢোল পিটিয়ে, গাড়ির হর্ন ও সাইরেন বাজিয়ে এবং সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিংয়ের নির্বাচনী এলাকা সিঞ্জামেতেও স্থানীয় জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষ ও বিক্ষোভকারীরা একত্রিত হয়ে মণিপুরের প্রাচীন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কাংলা ফোর্টের দিকে পদযাত্রা শুরু করেন, যা লোক ভবন ও মুখ্যমন্ত্রীর সচিবালয়ের খুব কাছে অবস্থিত।

সুরক্ষাবাহিনী প্যালেস কম্পাউন্ড, মইরাংখোম এবং কিসামপাত সংযোগস্থলে আন্দোলনকারীদের গতিরোধ করে। তবে শত শত বিক্ষোভকারী ফোর্টের ফটক পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিক্ষোভকারীরা এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়ন, অবৈধ অভিবাসী চিহ্নিতকরণ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে স্বাক্ষরিত 'সাসপেনশন অব অপারেশন্স' চুক্তি বাতিলের জোর দাবি জানান।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ইত্তেফাক/টিএইচ