নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:২৬

জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার প্রতিটি টেকসই অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার পর্যায়ক্রমিক উন্নয়ন নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের সময় যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব সড়কের টেকসই উন্নয়ন সম্পন্ন করা হবে, যাতে কোনো এলাকার মানুষ যোগাযোগ সুফল থেকে বঞ্চিত না হয়।

তিনি বলেন, চলমান এই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আমূল বদলে যাবে। কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশগম্যতা সহজ হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ন ও তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ১৮০ মিটার সড়ক উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে আধুনিক ও টেকসই ইউনি ব্লক স্থাপন।

ইত্তেফাক/এটিএন