খুলনায় সকালে গুলিবিদ্ধ যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২১:০৪

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়ার গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ধনঞ্জয় কুন্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির শিবপদ কুন্ডুর ছেলে। তিনি স্থানীয় গাছতলা মন্দির মোড় এলাকার একজন মুদি ব্যবসায়ী।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধনঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে দুইজন অজ্ঞাত দুর্বৃত্ত দক্ষিণ টুটপাড়ার ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এসে ধনঞ্জয় কুন্ডুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার পেটে বিদ্ধ হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ধনঞ্জয় কুন্ডুকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে খুলনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে টুটপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, কারা এবং কী কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একই দিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ইত্তেফাক/এপি