ত্রয়োদশ জাতীয় সংসদ ও ক্ষমতাসীন সরকারি দল নিযে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাশাপাশি তিনি নাহিদ ইসলামকে পদত্যাগের জন্যও পরামর্শ দিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন।
পোস্টে তিনি লিখেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধীদলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?’
পদত্যাগের পরামর্শ দিয়ে তিনি লিখেন, ‘শেখ হাসিনার সাথে তুলনা করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিলো জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবুও যেহুতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’
সবশেষে তিনি আশা প্রকাশ করে লিখেন, ‘আশা করি, আগামী ২৪ ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দিবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দিবেন।’
