রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বি (২২)।
শুক্রবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য জানান। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টির অভিযোগে একটি গ্রুপের বিরুদ্ধে অভিযান চলছে। গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে শক্তির মহড়া, ভয়ভীতি প্রদর্শন এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করছিল বলে অভিযোগ রয়েছে।
তিনি জানান, গত ২৩ অক্টোবর মিঠু মিয়া (২০) নামে ওই গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মিঠু মিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করে।
এসআরবি-২ জানায়, গ্রেপ্তার তোতা মিয়া ওরফে রাব্বির বিরুদ্ধে হাজারীবাগ থানায় অবৈধ বাধা, দাঙ্গা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে। অন্যদিকে পলাশের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দস্যুতা, গুরুতর আঘাত ও হত্যার অভিযোগে দুটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি নন-এফআইআর সাধারণ ডায়েরি রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
