এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেললো আর্সেনাল

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২১

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সাত জয়ের পর হারের তেঁতো স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। নিজেদের অষ্টম ম্যাচে আস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে যায় সিটিজেনরা। ম্যানসিটির হারে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। ঘরের মাঠে এভারটনকে ২-০ হারিয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছে গানাররা। 

দুই ডিফেন্ডার এজরি কনসা ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের গোলে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগে সিটির সমান ২১ পয়েন্ট অর্জন করেছে আর্সেনাল। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আপাতত দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে মিকেল আর্তেতার শিষ্যদের।

শনিবার (২৪ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকেরা। সপ্তম মিনিটে টানা তিনটি কর্নার থেকে চাপ তৈরি করে আর্সেনাল। সেই আক্রমণের একপর্যায়ে ব্যাক পোস্টে পাওয়া বল জালে পাঠিয়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন কনসা। 

প্রথমার্ধে খেলায় আধিপত্য ছিল আর্সেনালেরই। বিরতিতে যাওয়ার আগে ১৩টি শট নেওয়ার পাশাপাশি ১০টি কর্নার আদায় করে নেয় তারা। দ্বিতীয়ার্ধেও সেই চাপ ধরে রাখে স্বাগতিকেরা। ম্যাচের ৬৮ মিনিটে বেন হোয়াইটের ক্রস থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। 

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে আট ম্যাচে ২১ পয়েন্ট হলো আর্সেনালের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিটির অবস্থান এখনো সবার ওপরে।

ইত্তেফাক/জেডএইচ