টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৩:১৯

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে এই মাইলফলক স্পর্শ করে ভারত। ২০০ জয়ের দেখা পেতে ভারতকে খেলতে হয়েছে ৩০০ ম্যাচ। তাদের জয়ের হার ৭১.২০ শতাংশ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০ জয় আছে মাত্র ৯টি দলের। এই তালিকায় রয়েছে উগান্ডা। ১০১টি জয় নিয়ে তালিকায় নয় নম্বরে আফ্রিকার দেশটি। আর যদি একশ জয় বাদ দিয়ে জয়–হার অনুপাতে চোখ রাখলে, আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলা সব দলের মধ্যেই এক নম্বরে উগান্ডা।

এখন পর্যন্ত মোট ১৩১টি ম্যাচ খেলেছে উগান্ডা। এর মধ্যেই ১০১টিতেই জয় পেয়েছে তারা। এতে হারের বিপরীতে ৩.৭৪ ম্যাচে জয় পেয়েছে আফ্রিকার দেশটি। বচেয়ে বেশি ম্যাচ জেতা ভারত জয়–হারের অনুপাতে উগান্ডার অনেকটাই পেছনে—২.৪০৯।

অবশ্য আর কোনো দলের জয়–হারের অনুপাত ২–ই নেই। এমনকি বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্যদেশের তো জয়ের চেয়ে হারই অনেক বেশি, ২২২ টি–টুয়েন্টিতে ৮৯ জয় নিয়ে ০.৬৯৫।

শনিবার (২৪ অক্টোবর) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে মোজাম্বিককে ১০ উইকেটে হারিয়েছে তারা। মোজাম্বিককে মাত্র ১৯ রানে গুটিয়ে দিয়ে ৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় টি–টোয়েন্টি র‍্যাংকিংয়ের ২১ নম্বরে থাকা দলটি।

Uganda's players huddle up before their first World Cup match, Afghanistan vs Uganda, T20 World Cup 2024, Providence, June 3, 2024

রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয়। এই তালিকার শীর্ষে স্পেন। ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জিতেছিল দলটি।

উগান্ডা সাধারণত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পায় না। যে কবার সুযোগ পেয়েছে, সেসব ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজে হওয়া সেই আসরে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল তারা। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে দলটি।

ইত্তেফাক/জেডএইচ