নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে বেগমগঞ্জে পূর্বশত্রুতার জেরে কামরুল হাসান নামের এক তরুণকে গুলি করে তার ব্যবহৃত জিক্সার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
অপরদিকে সোনাইমুড়ীতে হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক প্রবাসফেরত বৃদ্ধ আহত হয়েছেন। বর্তমানে দুজনেই নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে বেগমগঞ্জের আলাইয়াপুর এবং রাতে ১০টার দিকে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নে এসব হামলা চালায় অস্ত্রধারীরা।
গুলিবিদ্ধরা হলেন- সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার মো. জামাল উদ্দিন এবং বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ২৪ বছর বয়সী কামরুল হাসান।
গুলিবিদ্ধ জামাল উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরেন। আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল তার। এ নিয়ে সম্প্রতি এলাকায় পোস্টারও সাঁটানো হয়।
গুলির ঘটনার সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
এ প্রসঙ্গে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে গুলিবিদ্ধ কামরুল হাসান জানান, তিনি চট্টগ্রামে দর্জির কাজ করেন। দুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকালে খালাতো ভাই রাকিবকে নিয়ে মোটরসাইকেলে করে আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকার কয়েকজন তাদের পথরোধ করে গুলি ছোড়ে।
এতে আমার বুকের ডান পাশে ও ডান বাহুতে গুলি লাগে জানিয়ে তিনি বলেন, পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হাসান হাসপাতালে ভর্তি করা হয়। তার এক বাহুতে এবং পেটের ওপরের অংশে গুলির আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, ইতোমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এসময় ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
