টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই বন্ধু। টাকার মালিককে খুঁজে বের করতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণাও দেন তারা। শেষ পর্যন্ত মালিকের সন্ধান পেয়ে পুরো টাকা ফিরিয়ে দেন আবু রাহাত ও আবু সোহান নামে ওই দুই বন্ধু।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন তারা।
রাহাত ও সোহান উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা। তাদের এমন সততা ও মানবিকতায় প্রশংসা করছেন স্থানীয়রা।
জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কে টাকাগুলো পড়ে থাকতে দেখেন দুই বন্ধু। পরে টাকা কুড়িয়ে নিয়ে প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন তারা। এ জন্য স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টাকার মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।
এদিকে ৮০ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামের বাসিন্দা আজিজুল। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত। টাকা হারানোর পর কালিহাতী ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সন্ধান চালান তিনি।
একপর্যায়ে দুই বন্ধুর কুড়িয়ে পাওয়া টাকার খবর জানতে পারেন আজিজুল। পরে প্রয়োজনীয় তথ্য ও উপযুক্ত প্রমাণ যাচাই করে তাকে টাকার প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার হাতে পুরো টাকা তুলে দেওয়া হয়।
হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আজিজুল। অন্যদিকে, টাকার প্রতি লোভ না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফিরিয়ে দেওয়ায় রাহাত ও সোহানের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।
তাদের মতে, দুই বন্ধুর এমন সততা ও মানবিকতা সমাজের অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
