ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের আয়োজনকে বিশেষ করে তুলতে চট্টগ্রাম থেকে বিমানযোগে পাঠানো হয়েছে শিউলি ফুল। কে এই রহস্যময় ব্যক্তি, যিনি এত আয়োজন করে ফুল পাঠিয়েছেন—তা এখনো জানা না গেলেও বিষয়টি নিয়ে মজার ছলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তার সেই পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।
গত শনিবার (২৪ অক্টোবর) জমকালো আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেন পরীমনি। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের জন্মদিনের সাজসজ্জায় মূল আকর্ষণ ছিল শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে পুরো আয়োজন সাজানো হয়েছিল শিউলি দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন এই নায়িকা। আর এই জন্মদিনের অন্যতম চমক ছিল চট্টগ্রাম থেকে বিমানযোগে আসা শিউলি ফুলের উপহার।
রহস্যময় ওই ব্যক্তিকে নিয়ে ফেসবুকে রসিকতা করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, পরীমনিকে ঘিরে এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের বড়লোক পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছেন। তাদের মনে প্রশ্ন জাগছে, কোন স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল পাঠালেন?
জয় আরও লেখেন, ‘আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক, ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।’
পোস্টে পরীমনির ভূয়সী প্রশংসা করে জয় লেখেন, পরীমনি এ সময়ের অন্যতম একজন জনপ্রিয় নায়িকা, যিনি ইন্ডাস্ট্রিকে নিজের আপন ভাবেন। কাভারেজ বা প্রেস কনফারেন্সের জন্য নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি ইন্ডাস্ট্রির মানুষকে ভালোবাসেন এবং সম্মান দেখান। তাকে চেনে না এমন মানুষ দেশে নেই বললেই চলে। পরিশেষে পরীমনির জন্য শুভকামনা জানান এই অভিনেতা।
এই পোস্টে কমেন্ট করে পরীমনি জানান ফুলগুলো একটা মেয়ে পাঠিয়েছেন।
