অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, স্ত্রীসহ আহত ৪

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৮:২৭

কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ জাকারিয়া (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়া খাতুনসহ (২০) অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে। 

আহতদের মধ্যে বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশার চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিলেন।  অটোরিকশাটি চারমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ পাঁচযাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচজন আহতের মধ্যে একজন নিহত হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি