চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ড্রোন ওড়ানোর অভিযোগ, নিষেধাজ্ঞা দিল প্রশাসন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২০:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের আবাসিক হলের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা তিনটার দিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ক্যাম্পাসে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ছাত্রীরা আপত্তি জানান। এরপরই ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ওড়ানো হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের আবাসিক হল এলাকাতেও ড্রোন ওড়ানো হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসের ভেতরে ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর কার্যালয়ের পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘ছাত্রীদের অনেকেই আবাসিক হলের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর বিষয়ে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি জানার পর আমরা এ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছি। অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে সেটা শৃঙ্খলাবিরোধী হবে। সে ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

 
ইত্তেফাক/এসজে