ইরাকের কুর্দিস্তানে ইরানের ড্রোন হামলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২১:২০

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৪ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহরের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের কুর্দিস্তানের বালিসান এলাকায় ইরানি কুর্দি গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থলবাহিনী। ইরান গোষ্ঠীটিকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণশিবির রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এসব ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।

ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এসব গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছিল ওয়াশিংটন। তবে সম্ভাব্য বিরূপ পরিণতির আশঙ্কায় শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন।

এর আগে গত ১৭ জুলাই ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে এক হামলায় কোমালা গোষ্ঠীর ৯ সদস্য নিহত হন। সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটির ওপর চালানো হামলাগুলোর মধ্যে সেটি ছিল অন্যতম প্রাণঘাতী।

 

 

ইত্তেফাক/এবিএস