উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২১:৩৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।

রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইমরান ও মো. তৈয়ব।

এপিবিএন অধিনায়ক জানান, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ এআরএ সশস্ত্র গোষ্ঠীর ছয় থেকে সাতজন সদস্য জড়ো হয়েছেন বলে খবর পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পালানোর চেষ্টা করেন। তবে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অন্য চার থেকে পাঁচজন পালিয়ে যান।

রিয়াজ উদ্দিন আহমেদ আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 
ইত্তেফাক/এমএএম