পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৩১

দিনের বেলায় ঝলমলে রোদ আর গরম আবহাওয়া থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে ঠান্ডার অনুভূতি। গত দুদিন ধরে জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির গড়ে উঠানামা করছে। ভোরের দিকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। একই সাথে গভীর রাত থেকে নামছে কুয়াশা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সুর্যের মুখ দেখা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার জেলাটিতে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে স্থানীয়রা বলছেন, শীতের আবহাওয়া শুরু হতে আরও বেশ কিছুদিন বাকি থাকলেও, ইতিমধ্যে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে। দিনের তুলনায় রাতে খানিকটা শীত অনুভূত হচ্ছে।

ইত্তেফাক/এটিএন