পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক তরুণের বাঁ হাতের পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে তার বাঁ হাত গুরুতরভাবে ক্ষতবিক্ষত হওয়ায় শেষ পর্যন্ত হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজার আনন্দ উদযাপনের অংশ হিসেবে রাতে বাড়ির পাশে পটকা ফোটাতে যায় অমিত। এ সময় একটি পটকা তার হাতেই আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় তার বাঁ হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে ছিটকে যায় এবং হাতের নরম টিস্যুসহ চামড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানান, বিস্ফোরণে অমিতের বাঁ হাতে ‘ডিগ্লোভিং ইনজুরি’ হয়েছে। এতে হাতের ত্বক ও নরম টিস্যু প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষত এতটাই গভীর ও গুরুতর যে তার হাতটি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। উন্নত অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, লক্ষ্মীপূজার উৎসব চলাকালে পটকা বিস্ফোরণে এক কিশোরের গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি পুলিশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
