ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আপনি (শেখ হাসিনা) আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।”
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ’ আয়োজিত ‘বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ প্রায় ২০ বছরের লড়াই-সংগ্রামের পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। ফলে জনগণের প্রত্যাশাও অনেক। বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে ভঙ্গুর অর্থনীতি তৈরি হয়েছিল। সেই অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
বিগত দুই দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা অনুপস্থিত ছিল এবং ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের রক্তক্ষয়ী আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়েই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। মানুষ ফিরে পেয়েছে গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার।
সরকারের কল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে হুইপ দুলু জানান, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বে নিয়োজিতদের ভাতার আওতায় আনার জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অর্জিত গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো সুযোগ না দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
