রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তিন বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তারের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী জনতা ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসির সাবেক অতিরিক্ত পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম।
অগ্রণী ব্যাংক পিএলসিতে এমডি পদে নিয়োগ পেয়েছেন যমুনা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ও বেসিক ব্যাংক লিমিটেডে এমডি পদে দায়িত্ব দেওয়া হয়েছে জনতা ব্যাংকের বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা-কে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত) অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় নতুন গতি ও স্বচ্ছতা আনতে সরকার এই প্রশাসনিক রদবদল এনেছে। নতুন নিয়োগ পাওয়া এই কর্মকর্তারা আগামী তিন বছর নিজ নিজ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
