‘বাবা এসেছে’ ভেবে দরজা খুললো ১০ বছরের শিশু, তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৩১

কিশোরগঞ্জের নিকলীতে ১০ বছর বয়সী এক শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আঙুর মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৎ

রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সোমবার শিশুটির মা থানায় মামলা করলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তার মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি এক সহপাঠীকে নিয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল।

রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া শিশুটির মুখ চেপে ধরে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আঙুর মিয়াকে আটক করেন। পরে খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

 
ইত্তেফাক/এসজেএস