চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২২:৩৯

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জেলা নেতার বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে মো. তমাল নামের ওই ভুক্তভোগী যুবক মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এনসিপি নেতা আরিফুলের সঙ্গে তমালের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে মানিকগঞ্জ সদর হাসপাতালে আউটসোর্সিংয়ে সুপারভাইজার পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে জামানত বাবদ তার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নেন আরিফুল। শহরের একটি ফাস্ট ফুডের দোকানে বসে এই লেনদেন সম্পন্ন হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৭ নভেম্বর ‘এস এফ ট্রেড লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্যাডে তমালকে একটি নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগপত্র নিয়ে হাসপাতালে কাজে যোগ দিতে গিয়ে তিনি জানতে পারেন, সেটি সম্পূর্ণ ভুয়া ও জাল।

নিয়োগপত্র জাল প্রমাণিত হওয়ার পর তমাল তার দেওয়া টাকা ফেরত চাইলে আরিফুল নানা টালবাহানা শুরু করেন এবং সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে চাকরি দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। সর্বশেষ গত শনিবার মুঠোফোনে পাওনা টাকা ফেরত চাওয়ার সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এ সময় আরিফুল ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি দেন।

এদিকে হাসপাতালে লোকবল সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এস এফ ট্রেডের ব্যবস্থাপক নাসিম হাওলাদার জানান, আউটসোর্সিংয়ে নতুন কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি; আগের কর্মীদের দিয়েই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযুক্ত আরিফুল ইসলামের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ নেই বলেও নিশ্চিত করেন তিনি।

টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা আরিফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতেই এই বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় উল্টো মানহানির শিকার হয়েছেন দাবি করে সোমবার মানিকগঞ্জ সদর থানা আমলি আদালতে একটি মানহানি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এনএন