খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২২:৪১

সুপারইম্পোজ করা মুখ বসাতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর কাফনের কাপড়ের নিচে ছিল একটি ছাগলের ধড়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক ব্যক্তি খুনের দায় থেকে বাঁচতে এভাবেই নিজের ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। এভাবে মৃত্যুর নাটক সাজিয়ে আদালতে মৃত্যুসনদ জমা দেওয়ার পর প্রায় দেড় বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সকালে উত্তর প্রদেশের খাজা জাহানপুর এলাকার কাছ থেকে রাজকুমারকে গ্রেপ্তার করে কোতোয়ালি নগর পুলিশ। অভিযানে সহায়তা করে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও সার্ভিল্যান্স টিম। পুলিশের ভাষ্য, হত্যা মামলার বিচার এড়াতেই পরিকল্পিতভাবে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করেছিলেন ৩৮ বছর বয়সী এই ব্যক্তি।

২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলায় রাজকুমারের বিরুদ্ধে বিচার চলছিল। ওই বছরের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাইপো অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তার বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে মামলা হয়। রাজকুমার পরে জামিনে মুক্ত ছিলেন।

পুলিশ জানায়, বিচার চলাকালে নিজের মৃত্যু হয়েছে—এমন একটি কাল্পনিক ঘটনা সাজান রাজকুমার। এ জন্য মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতে জমা দেন তিনি। এরপর নিজেকে মৃত প্রমাণ করে আইনি প্রক্রিয়া থেকে দূরে থাকার চেষ্টা করেন।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজিপুরে বসে এই পরিকল্পনা করেন রাজকুমার। এআই দিয়ে শ্মশানের চিতায় শুয়ে থাকা মরদেহের একটি ছবি তৈরি করা হয়। ছবিতে নিজের মুখ বসিয়ে সেটিকে বাস্তব বলে চালানোর চেষ্টা করেন তিনি। পাশাপাশি প্রকৃত মানবদেহের পরিবর্তে একটি ছাগল দাহ করা হয়। নিজের মৃত্যু বিশ্বাসযোগ্য করে তুলতে শেষকৃত্য ও শ্মশানযাত্রার ছবিও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার বলেন, দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য রাজকুমার পুঁজিবাজারে ট্রেডার হিসেবে কাজ করতেন। শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।

পুলিশের দাবি, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি বিনিয়োগের নামে নেওয়া অর্থ ফেরত দেওয়ার দায় এড়াতেও নিজের মৃত্যুর এই পরিকল্পনা করেছিলেন রাজকুমার।

তাকে গ্রেপ্তারের পর হত্যা মামলার বিচারপ্রক্রিয়া আবার শুরু হবে। এ ছাড়া ভুয়া নথি তৈরি ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলাও করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

 
ইত্তেফাক/এসজেএস