কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করল মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২২:৫০

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’-এর যাত্রাপথ আনুষ্ঠানিকভাবে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে নতুন এই বর্ধিত রুটে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের পাশাপাশি পথের মধ্যবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও উপজেলার বাসিন্দাদের সরাসরি ট্রেনে চড়ে সৈকত শহরে যাওয়ার সুযোগ তৈরি হলো।

সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলওয়ের নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী, ৭২১/৭২২ নম্বর ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে এবং সেখানে ২০ মিনিটের বিরতি শেষে রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে রওনা হবে।

অন্যদিকে ফিরতি পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার স্টেশন ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতির পর দুপুর সাড়ে ১২টায় ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। উভয় দিক থেকে ঢাকা ও কক্সবাজারের মধ্যে যাতায়াতে ট্রেনটির সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রোববার এবং এর বেইস স্টেশন নির্ধারণ করা হয়েছে কক্সবাজার।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর থেকেই রুট সম্প্রসারণের এই আদেশ কার্যকর হয়েছে। নতুন নির্দেশনায় ট্রেনটিতে আধুনিক কোরিয়ান কোচ যুক্ত করা হয়েছে।

বর্ধিত রুটে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে নতুন সিদ্ধান্তে কুমিল্লা স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ফলে কুমিল্লা ছাড়া যাত্রাপথের অন্যান্য স্টেশনের যাত্রীরা সরাসরি এই ট্রেনে কক্সবাজার যাতায়াত করতে পারবেন।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দুটি নন-স্টপ আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে ট্রেন দুটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন ছাড়া মাঝের অন্য কোনো স্টেশনে থামে না। অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ‘প্রবাল এক্সপ্রেস’ ও ‘সৈকত এক্সপ্রেস’ মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। ফলে নতুন করে মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তর নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএন