ফাইনাল দূরের কথা, শান্তর ভাবনায় শুধুই মিরপুর টেস্ট 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:১১

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্ট জয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে একটা টেস্ট ড্র করতে পারলেই ফাইনালে খেলার সম্ভাবনা আরও বাড়বে টাইগারদের। 

তাই বাংলাদেশ টেস্ট খেলতে নামলেই এসে যায় ফাইনালের প্রসঙ্গ। মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এসে যায় ফাইনালের কথা। তবে এখনই ফাইনালের কথা চিন্তা করছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এখন শুধুমাত্র মিরপুর টেস্ট নিয়েই ভাবছেন জানিয়ে শান্ত বলেন, ‘সত্যি বলতে কি একদমই ভাবিনি (ফাইনাল খেলতে কী করতে হবে, তা নিয়ে)। আমি শুধু এই টেস্টটা নিয়েই ভাবছি, এমনকি এই সিরিজের দ্বিতীয় টেস্টও ভাবনায় নেই।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমরা সব সময় ভাবি, এই ম্যাচ বা সিরিজটা কীভাবে খেলবো। এ ধরনের ম্যাচ বা সিরিজ জিততে পারলে আমাদের লক্ষ্যগুলো এমনিতেই পূরণ হয়ে যায়। তাই দল হিসেবে আমরা সব সময় ছোট ছোট লক্ষ্য নিয়ে ভাবি। গত কয়েক বছরেও আমরা এভাবেই এগিয়েছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজের জন্য অবশ্য ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। তবুও প্রস্তুতি নিয়ে খুশি শান্ত। টাইগার অধিনায়ক বলেন, ‘প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। যতটুকু সময় পেয়েছি, প্রত্যেকে নিজের যে জায়গাগুলোতে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবে প্রস্তুতি নিতে পেরেছে। প্রতিপক্ষ কেমন প্রস্তুতি নিয়েছে, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমাদের প্রস্তুতি কতটা ভালো হয়েছে এবং আমরা কতটা ভালোভাবে তৈরি হয়ে ম্যাচটা খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমি খুশি।’

ইত্তেফাক/জেডএইচ