আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট, যুবক গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:১৬

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকল বেলাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতিতে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌরভ চন্দ্র মোহন্ত পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রায় দুই মাস আগে সৌরভের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও কোরআন নিয়ে আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি পুনরায় নতুন করে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে সোমবার রাতে স্থানীয় উত্তেজিত লোকজন সৌরভ ও তার স্বজনদের বাড়িতে চড়াও হয়। এ সময় তিনটি ঘরের বেড়া ভাঙচুর এবং আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শফিকুল ইসলাম আরিফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এএম