সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে জারি করা জরুরি সতর্কতা মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের সিভিল ডিফেন্স জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সতর্ক করে। সাইরেন বাজিয়ে স্থানীয়দের নিরাপদ থাকতে এবং নির্ধারিত সুরক্ষা নির্দেশনা মেনে চলতে বলা হয়।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিট পর তা তুলে নেওয়া হয়। এরপর আভা শহর থেকেও একইভাবে সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
প্রাথমিক সতর্কবার্তায় কী কারণে এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও এখনো নিশ্চিত করা যায়নি।
প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার জেরে সাম্প্রতিক সময়ে সৌদিতে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। হুথিরা সৌদির বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সেসব হামলা প্রতিহত করার খবর দিয়েছে।
