খুলনায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল, যুবদল নেতাসহ তিন যুবক গুলিবিদ্ধ

এক জনকে ছুরিকাঘাত, জনমনে আতঙ্ক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯

মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে খুলনায় ছাত্রদল ও যুবদল নেতাসহ তিন জন গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাহত হয়েছে। গুলিবিদ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে থাকা মুখোশধারী দুই ব্যক্তির হাতে গুলিবিদ্ধ হয়েছেন ওহিদুল ইসলাম বাদল (৪৫) নামের এক যুবদল নেতা। জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাদল উপজেলার তেতুলতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকালে খুলনা জেলা যুবদল আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন বাদল। গুলি দুটি তার বুকে ও কোমরে বিদ্ধ হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে নিরালা ১৭ নম্বর রোডে দুুর্বৃত্তরা সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে পলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক ১৬ নম্বর রোডের জাহাঙ্গীরের ছেলে। পেশায় তিনি একটি সিগারেট কোম্পানির কর্মচারী। স্থানীয়রা জানায়, সালমান নিজের প্রতিষ্ঠানের সামনে কাজ করার সময় একটি মোটরসাইকেল থেকে তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের ধারণা, ব্যাগের ভেতরে টাকা আছে মনে করে তাকে গুলি করে ব্যাগ নিয়ে যায়।

এর আগে সোমবার মধ্যরাতে একই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে এক ছাত্রদল নেত গুরুতর আহত হয়েছেন। উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সোহেল বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় অন্য দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে গুলি ছোড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

অপর দিকে সোমবার সন্ধ্যায় মহানগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে ছয় থেকে সাত জনের একটি ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে রাসেল (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তার কাছ থেকে নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম শেখ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ইত্তেফাক/এনএন