ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২

ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) হিসাব অনুযায়ী, গত জুলাইয়ের তুলনায় যুদ্ধের ব্যয় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। পেন্টাগনের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স জানায়, যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের এই হিসাব প্রকাশ্যে জানানো হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পেন্টাগন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন।

পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে। এ ছাড়া যুদ্ধে হারানো বিমান ও ড্রোনসহ সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় ধরা হয়েছে ৬ বিলিয়ন ডলারের বেশি।

এর আগে গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন। নতুন হিসাব অনুযায়ী, ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় সর্বশেষ হিসাবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

ইরান যুদ্ধে ব্যয় বৃদ্ধির এই তথ্য এমন এক সময়ে সামনে এল, যখন আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে অজনপ্রিয় এই সংঘাতের রাজনৈতিক প্রভাব সামাল দিতে হিমশিম খাচ্ছে রিপাবলিকানরা। ওই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে।

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের হারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি বলেছিলেন, যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না। তবে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বেড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দামেও প্রভাব পড়েছে।

 

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এমএসআর