সেলুনে ঢুকে নরসুন্দরকে ৩ দফা ছুরিকাঘাত, দোকান-বাড়িতে ঢুকেও বাঁচতে পারলেন না

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:২৬

ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামিরদিয়ার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।

পুলিশ জানায়, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

এদিকে অভিযুক্ত সাদ্দামকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে ফেলে তাকে আবারও ছুরিকাঘাত করা হয়।

রবীন্দ্রের স্ত্রী সূচিত্রা রানী ঋষি অভিযোগ করেন, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। পাশাপাশি সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গতকাল রাত সোয়া আটটার দিকে ভালুকার জামিরদিয়া এলাকা থেকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। 

পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন ওসি।

 

 

 

 

 

ইত্তেফাক/এনটিএম