ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীনগর গ্রামের দশম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে কিশোরীর পরিবার এ বিয়েতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি মেয়েটির পড়ালেখাও বন্ধ করে দেয় পরিবার।
মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যান। এ সময় কিশোরীর পরিবারের সদস্যরা তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বলেন, কিশোরীর বিয়েসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
