‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা সেই নারীর জামিন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার হওয়া নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ।

শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। দুপুরেই আদালতের হাজতখানা থেকে তাকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় আমজাদ আলীর মেয়ে।

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রচার করেন সাথী। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাথী আক্তারকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন সোমবার ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

দুই দিন পর বুধবার আদালত তার জামিন মঞ্জুর করেন।

ইত্তেফাক/এসএ