বাম হাতে কোরআন স্পর্শ করা যাবে?

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৭

পৃথিবীর সমস্ত বইকে যদি এক পাশে রাখা হয় আর পবিত্র কোরআনকে অন্য পাশে রাখা হয়, তবে নিঃসন্দেহে মর্যাদা, সম্মান ও শ্রেষ্ঠত্বের দিক থেকে কোরআনই সবার ঊর্ধ্বে থাকবে। কারণ, এটি কোনো মানুষের রচিত গ্রন্থ নয়; বরং সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তায়ালার কালাম। তাই কোরআনের প্রতি সর্বোচ্চ সম্মান, আদব ও মর্যাদা প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ডান হাতে ধরা বেশি উত্তম ও শিষ্টাচারসম্মত। একইভাবে সব ভালো কাজ ডান হাতে করা সুন্নত ও মুস্তাহাব।

তবে বাম হাতে (নাপাকী নেই এমন অবস্থায়) কোরআন শরীফ স্পর্শ করা বা বহন করা সর্বাবস্থায় হারাম নয়। বিশেষ কোনো কারণ বা অপারগতার কারণে বাম হাতে স্পর্শ বা বহন করলে হারাম বা গুনাহ হবে না। (যদিও এই কাজটিও কোরআনের আদব পরিপন্থি কাজ)। তাই ডান হাতে কোরআন ধরা অধিক শোভন ও সুন্নাহসম্মত আদবের অন্তর্ভুক্ত।

রাসুল (সা.) সম্মানজনক কাজের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতে ভালোবাসতেন। হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং তার সকল কাজে ডান দিক বা ডান হাত দিয়ে শুরু করতে পছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬৭)

আরেক হাদিসে হজরত আয়িশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) পবিত্রতা অর্জন, আহার গ্রহণ এবং সম্মানজনক কাজে ডান হাত ব্যবহার করতেন। আর শৌচকার্য ও অপবিত্রতা দূর করার কাজে বাম হাত ব্যবহার করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩)

এসব হাদিস থেকে ফকীহগণ বলেছেন, যেসব কাজে সম্মান প্রকাশ পায়, সেসব ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা সুন্নত ও মুস্তাহাব।

ইমাম নববী (রহ.) বলেন, যেসব কাজে সম্মান প্রকাশ পায়, সেসব ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা মুস্তাহাব। যেমন: অজু, গোসল, পোশাক পরিধান, মসজিদে প্রবেশ, মিসওয়াক করা, সুরমা ব্যবহার করা ইত্যাদি।

ইত্তেফাক/আরএইচ