নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করে বাড়ি পাঠাতে প্রস্তুত আমরা: জয়েন্ট লিস্ট প্রধান

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২১:০০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোকে নিজেদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। নির্বাচনের আংশিক ফলে আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে এমন পূর্বাভাসের পর তিনি এ আহ্বান জানান।

বুধবার (২৮ অক্টোবর) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩-কে দেওয়া সাক্ষাৎকারে জাবারিন বলেন, নেতানিয়াহু সরকারের বিকল্প গড়ে তুলতে এবং দেশের জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনতে আগ্রহী দলগুলোর উচিত তাদের সঙ্গে আলোচনা করা।

তিনি বলেন, ইসরায়েলে বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যের রাজনীতি অব্যাহত থাকবে, নাকি ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হবে এখন সেই সিদ্ধান্ত নেওয়ার সময়।

ইয়েনেটকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জাবারিন বলেন, নিজেদের রাজনৈতিক শক্তি কাজে লাগিয়ে তারা বিশ্বাসের মূল্যবোধগুলো এগিয়ে নিতে চান। নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ তৈরিতেও তারা প্রস্তুত।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফল অনুযায়ী, ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্স গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, নেতানিয়াহুবিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন পক্ষ পেতে পারে ৪৭টি আসন।

এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে। এই সংখ্যা চূড়ান্ত হলে তা হবে আরব নেতৃত্বাধীন দলগুলোর জন্য ঐতিহাসিক সাফল্য।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোটে নাফতালি বেনেটের বি’ইয়াহাদ, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস রয়েছে। আরব দলগুলোর সমর্থন ছাড়া এই জোটের পক্ষে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হতে পারে।

তবে নতুন সরকার গঠনে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে নেতানিয়াহুবিরোধী জোটের সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে, ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, আইজেনকট নিজের জোটের আসনের সঙ্গে আরব দলগুলোর আসন মিলিয়ে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরানোর উদ্যোগ নিতে পারেন। ওহানা নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য।

ইত্তেফাক/এবিএস