নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৮৮ বোতল ভারতীয় মদ জব্দের তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে ওই অটোরিকশার চালকে আটক করা হয়েছে। জব্দ হওয়া মদের পরিমাণ ৬৬ লিটার।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক।
আটক আনোয়ার হোসেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসং থানার চন্দ্রকোনা গ্রামের আবু বক্কর ও মোছা. আনোয়ারা খাতুনের ছেলে।
ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে ডিএনসির একটি দল বাড়হা বোর্ড বাজারে মাসুম টেলিকমের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় জারিয়া থেকে শ্যামগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ভ্যানের চালকের আসনের নিচে ও পেছনের বিশেষ গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রাখা ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধার করা মদের মধ্যে ৪৬ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্যাগ ও ২০ বোতল ব্লেন্ডারস প্রাইড রয়েছে। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ ছিল।
অভিযানকালে মদ পরিবহনে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত টিসিএল ব্র্যান্ডের একটি মুঠোফোন জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
