সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিবেদন

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২৩:১৪

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন খরচ, সরবরাহব্যবস্থা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখা সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে অন্যান্য খাদ্যপণ্যের আনুমানিক উৎপাদন খরচও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, এক কেজি খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা, ব্রয়লার মুরগির কেজিপ্রতি ১৬১ টাকা ৫৫ পয়সা, সোনালি মুরগি ২৫৩ টাকা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা। এছাড়া একটি ডিম উৎপাদনে খরচ হয় ১০ টাকা ৮১ পয়সা।

বৈঠকে কমিটির সদস্যরা অভিযোগ করেন, বাজারে বেশ কিছু পণ্যের দাম উৎপাদন খরচের তুলনায় অস্বাভাবিক বেশি নেওয়া হচ্ছে। এর জবাবে বৈঠকে জানানো হয়, খামারি বা উৎপাদকরা সরাসরি খুচরা বাজারে বিক্রি করতে পারেন না; কয়েক দফা হাতবদলের কারণে ভোক্তাপর্যায়ে দাম বেড়ে যায়। তবে একইসঙ্গে উৎপাদকরা যেন ন্যায্যমূল্য পান, সেদিকেও নজর রাখা প্রয়োজন বলে আলোচনা হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। অহেতুক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহ ব্যবস্থার অনিয়ম খতিয়ে দেখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া এক দিনের মুরগির বাচ্চা ও ডিমের বাজারমূল্য নিয়ন্ত্রণে একটি কৌশলপত্র চূড়ান্ত করে যৌথ সমন্বিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রসারে সমন্বিত কর্মপরিকল্পনা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পাশাপাশি কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম