যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত এই শিক্ষাবিদকে স্মরণ করা হয়।
সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে অধ্যাপক হান্নান ফিরোজের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে সকাল সাড়ে নয়টায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আমগাছের চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা প্রয়াত প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো. ফারুক কবির উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক ও শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা তামান্না জেরিন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
স্মরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের বলেন, অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজ ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজসেবক ও পরোপকারী ব্যক্তিত্ব। বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্বপ্ন, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠা ও ক্রমবিকাশে।
অধ্যাপক হান্নান ফিরোজের স্মৃতিচারণা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য বলেন, অধ্যাপক হান্নান ফিরোজ শুধু একজন সফল শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন মানবিক মূল্যবোধসম্পন্ন ও সমাজের প্রতি দায়বদ্ধ একজন মানুষ। জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর আদর্শ ও শিক্ষাদর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় প্রয়াত প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজের শিক্ষাদর্শন ও আদর্শ সমুন্নত রেখে একটি শিক্ষিত, আলোকিত ও সামাজিকভাবে দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
