মেসির ১০ নম্বরে আলভারেজকে চান রোমেরো

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৫:২৪

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিয়ে এখনো চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বিভিন্ন তত্ত্ব ও জল্পনা। এবার এসব বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। জানিয়েছেন, ফাইনালের আগে তার শারীরিক অবস্থা কতটা খারাপ ছিল। পাশাপাশি লিওনেল মেসির পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কাকে দেওয়া উচিত, সে বিষয়েও নিজের পছন্দের কথা বলেছেন তিনি। 

রোমেরোর পছন্দ হুলিয়ান আলভারেজ। সাংবাদিক গাস্তন এদুল ও এস্তেবান এদুলের সঙ্গে এক সাক্ষাৎকারে রোমেরো বলেছেন, ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা জল্পনাকে তিনি গুরুত্ব দিতে চান না। তার মতে, এখন ভিত্তিহীন বা অযৌক্তিক কোনো বক্তব্যও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসব আলোচনার চেয়ে মাঠের বাস্তবতা বোঝা বেশি জরুরি।

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো

রোমেরোর মতে, স্পেন নিজেদের পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করেছে। অন্যদিকে, আর্জেন্টিনাকে ফাইনালে নামতে হয়েছে শারীরিকভাবে অনেকটাই ক্লান্ত অবস্থায়। পুরো টুর্নামেন্ট জুড়েই চোট ও শারীরিক ধকল সামলাতে হয়েছে দলটির খেলোয়াড়দের। এমন পরিস্থিতিতে দলের লড়াইকে অলৌকিক বলা যায় কি না, তা নিয়ে নিশ্চিত নন রোমেরো। তবে ফাইনালে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ ছিল, তা স্পষ্ট করেছেন তিনি। আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড়ের মতো রোমেরো নিজেও টুর্নামেন্টের শেষ দিকে পুরোপুরি ফিট ছিলেন না। তবে এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। বরং নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে দলের জন্য লড়াই করার কথাই বলেছেন তিনি।

ফাইনাল নিয়ে কথা বলার পাশাপাশি আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও নিজের মতামত জানিয়েছেন রোমেরো। আলোচনার বিষয় লিওনেল মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এই জার্সির গুরুত্ব আলাদা। তাই মেসির পর কে এটি পরবেন, তা নিয়ে সমর্থকদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। রোমেরো অবশ্য প্রথমে এই জার্সি কাউকে না দেওয়ার পক্ষে মত দিয়েছেন। 

তার ভাবনা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে একটি ম্যুরাল তৈরি করে ১০ নম্বর জার্সিটিকে স্মরণীয় করে রাখা যেতে পারে। এতে কাউকেই জার্সিটির ঐতিহাসিক গুরুত্ব ও প্রত্যাশার ভার বহন করতে হতো না। তবে বাস্তবে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাই শেষ পর্যন্ত কাউকে জার্সিটি দিতে হলে তার পছন্দ হুলিয়ান আলভারেজ। তার মতে, আলভারেজ বিনয়ী, পরিবারকে গুরুত্ব দেন এবং ভালো স্বভাবের মানুষ। ১০ নম্বর জার্সি পরার জন্য প্রয়োজনীয় গুনাবলি তার মধ্যে রয়েছে বলেই মনে করেন রোমেরো।

ইত্তেফাক/জেডএইচ