‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সাউরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:১১

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৮) লাশ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনও মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনও যোগসূত্র আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনও কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলবো।’

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

ইত্তেফাক/এনএ