মুম্বাইয়ের কোচিং স্টাফে বড় রদবদল, বাদ পড়লেন মালিঙ্গা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:০০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন প্রধান কোচ হিসেবে কাইরন পোলার্ডকে নিয়োগ দেওয়ার পর এবার কোচিং প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে। এছাড়া বাদ পড়েছেন পরশ মামব্রে ও কার্ল হপকিনসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এই তিন কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ানস জানিয়েছে, পুরুষ দলের কোচিং বিভাগে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মালিঙ্গা, মামব্রে ও হপকিনসন। দলের প্রতি তাদের নিষ্ঠা, অবদান ও পরিষেবার জন্য তিন কোচকেই ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মুম্বাই ইন্ডিয়ানন্সের হয়ে লাসিথ, পরশ ও কার্লের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দলের প্রতি তাদের প্রতিশ্রুতি, গড়ে তোলা সম্পর্ক এবং অসংখ্য স্মৃতি আমাদের পরিবারের অংশ হয়ে থাকবে। ভবিষ্যতের জন্য তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

২০২৪ সালের আইপিএলের আগে মুম্বাইয়ের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার মালিঙ্গা। মামব্রে ও হপকিনসন যোগ দেন ২০২৫ মৌসুমের আগে। এর আগে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্তও মুম্বাইয়ের কোচিং স্টাফে ছিলেন মামব্রে।

আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই। তবে গত ছয় মৌসুমে ফাইনালে উঠতে পারেনি তারা। ২০২৬ সালের আসরে ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি।

ইত্তেফাক/জেডএইচ